দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নূরউদ্দিন আহমেদ অপুর আবেদনের পরিপ্রেক্ষিতে শরীয়তপুর হয়ে বরিশালের হিজলা উপজেলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
গত ২৯ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক পত্রে জাতীয় রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, আঞ্চলিক বৈষম্য নিরসন এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পদ্মা সেতুর মাধ্যমে শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট হয়ে বরিশালের হিজলা উপজেলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
হুইপ মিয়া নূরউদ্দিন আহমেদ অপু এ বিষয়ে আবেদন জানানোর পর বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেলপথ মন্ত্রণালয়কে সম্ভাব্যতা যাচাই করে এ-সংক্রান্ত প্রতিবেদন এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ নির্দেশনায় শরীয়তপুরসহ দক্ষিণ-মধ্যাঞ্চলের মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, রেললাইনটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও নতুন গতি আসবে। দীর্ঘদিনের রেল সংযোগের দাবির বাস্তবায়নে এটিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন স্থানীয়রা।
এমএস/